অধীহি ভগব ইতি হোপসসাদ সনৎকুমারং নারদস্তং হোবাচ যদ্বেথ তেন মোপসীদ ততস্ত ঊর্ধ্বং বক্ষ্যামীতি স হোবাচ ॥ ১
অন্বয় : অধীহি (বৈদিক প্রয়োগ; অধ্যাপয়—অধ্যয়ন করান) ভগবঃ (ভগবন্ ইতি হ উপসসাদ (উপস্থিত হইল) সনৎকুমারম্ (সনৎকুমারের কাছে) নারদঃ। তম্ (তাহাকে) হ উবাচ (বলিলেন)—যৎ (যাহা) বেথ (জান) তেন (তাহার সহিত, তাহা বলিয়া) মা (আমার নিকট) উপসীদ (উপস্থিত হও) ততঃ (তাহা অপেক্ষা) তে (তোমাকে) ঊর্ধ্বম্ (অধিক, অতিরিক্ত) বক্ষ্যামি (বলিব) ইতি। সঃ (তিনি অর্থাৎ সনৎকুমার) হ উবাচ (বলিলেন)।
সরলার্থ : নারদ সনৎকুমারের নিকট গিয়া বলিলেন—’ভগবান্, আমাকে শিক্ষা দিন।’ সনৎকুমার বলিলেন, “তুমি যাহা জান, তাহা প্রথমে বল; তার পরে তাহার অতিরিক্ত আমি বলিব।’
মন্তব্য : অধীহি অর্থ ‘অধ্যয়ন করুন’। কিন্তু এই মন্ত্রে ইহা ‘অধ্যয়ন করান’ ‘শিক্ষা দিন’ অর্থে ব্যবহৃত হইয়াছে। স্মরণ করা অর্থে ‘অধীহি’ বলিলে ‘স্মরণ করান’ বোঝায়। কিন্তু এখানে স্মরণ করা অর্থ সঙ্গত হয় না। নারদ যাহা শিখিতে গিয়াছিলেন সে বিষয় তিনি কিছুই জানিতেন না। কাজেই গুরু তাঁহাকে কি স্মরণ করাইবেন?