তস্মিন্নেতস্মিন্নগ্লৌ দেবাঃ শ্রদ্ধাং জুহ্বতি তস্যা আহুতেঃ সোমো রাজা সম্ভবতি ॥ ২
অন্বয় : তস্মিন্ এতস্মিন্ অগ্নৌ (সেই এই অগ্নিতে) দেবাঃ শ্রদ্ধাম্ জুতি (আহুতি দেয়)। তস্যাঃ আহুতেঃ (সেই আহুতি হইতে) সোমঃ রাজা (চন্দ্র) সম্ভবতি (উৎপন্ন হয়)।
সরলার্থ : দেবগণ সেই অগ্নিতে শ্রদ্ধাকে আহুতি দেন। সেই আহুতি হইতে সোমরাজা চন্দ্র উৎপন্ন হয়।
মন্তব্য : এখানে ‘অপ্’কেই শ্রদ্ধা বলা হইয়াছে। এই সংক্রান্ত প্রশ্ন অপ্ সম্বন্ধে (৫।৩।৩) এবং উপসংহারও অপ্ বিষয়ে (৫।৯।১)। সুতরাং অপ্ই শ্রদ্ধা। শ্রদ্ধার সহিত জলকে আহুতি দেওয়া হয়, এই জন্যই সম্ভবত জলকে শ্রদ্ধা বলা হইয়াছে। শঙ্কর বেদান্তসূত্র ভাষ্যে (৩।১।৫) ইহার বিস্তৃত আলোচনা করিয়াছেন।