বেথ যথাসৌ লোকো ন সম্পূর্যত ৩ ইতি? ন ভগব ইতি। বেথ যথা পঞ্চম্যামাহুতাবাপঃ পুরুষবচসো ভবন্তীতি? নৈব ভগব ইতি ॥ ৩
অন্বয় : বেথ যথা অসৌ লোকঃ (ঐ লোক; বা চন্দ্রলোক) ন সম্পূর্যতে ৩ (সম্পূর্ণরূপে পূর্ণ হয়, ‘৩’ পুত স্বরের চিহ্ন) ন ভগবঃ ইতি। বেথ যথা পঞ্চম্যাম্ আহুতৌ (পঞ্চমসংখ্যক আহুতিতে) আপঃ (জল) পুরুষবচসঃ (পুরুষ-শব্দ-বাচ্যঃ) ভবন্তি (হয়) ইতি ন এব ভগবঃ ইতি।
সরলার্থ : প্রবাহণ জিজ্ঞাসা করিলেন, ‘তুমি কি জান ঐ লোক (অর্থাৎ পিতৃলোক) কেন (জীবদ্বারা) পূর্ণ হয় না?” শ্বেতকেতু বলিল, ‘ভগবান্ জানি না।’ প্রবাহণ জিজ্ঞাসা করিলেন, ‘তুমি কি জান পঞ্চমী আহুতিতে জলকে কেন পুরুষ বলা হয়? ‘ভগবান্ জানি না।’
মন্তব্য : অসৌ লোকঃ—উপনিষদের ভাষ্যে শঙ্কর ইহার অর্থ পিতৃলোক করিয়াছেন। কিন্তু ব্রহ্মসূত্র ভাষ্যে অর্থ করিয়াছেন চন্দ্রলোক। রামানুজের অর্থ ‘দ্যুলোক’।