তদ্বৈতং সত্যকামো জাবালো গোশ্রুতয়ে বৈয়াঘ্র পদ্যায়োক্ত্রোবাচ যদ্যপ্যেনচ্ছুষ্কায় স্থাণবে ব্রুয়াজ্জায়েরবোস্মিঞ্ছাখাঃ প্ররোহেয়ুঃ পলাশানীতি ॥ ৩
অন্বয় : তত্ হ এতং (সেই ইহাকে) সত্যকামঃ জাবালঃ গোশ্রুতয়ে বৈয়াঘ্রপদ্যায় (ব্যাঘ্রপদের অপত্য গোশ্রুতিকে) উত্তা (বলিয়া) উবাচ—যদ্যপি এনৎ (এই উপদেশকে) শুষ্কায় স্থাণবে (শুষ্ক স্থাণুতে; স্থাণু — শাখাপল্লবহীন বৃক্ষকাণ্ড) ব্রুয়াৎ (বলা হয়), জায়ের (উৎপন্ন হইতে পারে) এব অস্মিন্ (এই স্থাণুতে) শাখা প্ররোহেয়ুঃ (উদ্গাত হইবে) পলাশানি (পত্রসমূহ) ইতি।
সরলার্থ : সত্যকাম জাবাল ব্যাঘ্রপদের পুত্র গোশ্রুতিকে এই উপদেশ দিয়া বলিয়াছিলেন—যদি নীরস বৃক্ষকাণ্ডকেও এই উপদেশ দেওয়া হয়, তাহা হইলে তাহাতেও শাখা উদ্গত এবং পত্ররাশি আবির্ভূত হইতে পারে।
মন্তব্য : ইন্দ্রদ্যুম্ন এবং বুড়িলকেও ‘বৈয়াঘ্রপদ্য’ বলা হইয়াছে (৫। ১৪। ১; ৫।১৬।১)। শাঙ্খায়ন আরণ্যকে গোশ্রুতির নামোল্লেখ আছে (১১।৭)।