শ্রুতং হ্যেব মে ভগবদ্দৃশেভ্য আচার্যাদ্ধৈব বিদ্যা বিদিতা সাধিষ্ঠং প্রাপয়তীতি তস্মৈ হৈতদেবোবাচাত্র হ ন কিংচন বীয়ায়েতি বীয়ায়েতি ॥ ৩
অন্বয় : শ্রুতম্ হি এব মে (আমি শুনিয়াছি; মে = ময়া—আমাকর্তৃক) ভগবদ্ দৃশেভ্যঃ (ভবাদৃশ লোকদিগের নিকট হইতে), আচার্যাৎ হ এব (আচার্য হইতে) বিদ্যা বিদিতা (বিদ্যা বিদিত হইলে) সাধিষ্ঠম্ (সাধু = ইষ্ঠ, সাধুতমত্ব) প্রাপয়তি (প্রাপ্ত করায়) ইতি। তস্মৈ (সত্যকামকে) হ এতং এব (এই বিদ্যাকেই) উবাচ (বলিলেন)। অত্র (এই বিষয়ে) হ ন (না) কিঞ্চন (কিছুই) বীয়ায় (পরিত্যক্ত হইয়াছে) ইতি; বীয়ায় ইতি (দ্বিরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : আপনার মত ব্যক্তিদিগের নিকট শুনিয়াছি যে, আচার্যের কাছে বিদ্যা লাভ করিলেই তাহা সর্বাপেক্ষা কল্যাণকর হয়। তখন আচার্য সত্যকামকে সেই সবই (অর্থাৎ বৃষ, অগ্নি, হংস এবং মদ্ যে সব উপদেশ দিয়াছিল তাহার সমস্তই) বলিলেন, কিছুই বাদ গেল না।