স হোবাচ—মহাত্মনশ্চতুরো দেব একঃ কঃ স জগার ভবনস্য গোপাস্ত কাপেয় নাভিপশ্যন্তি মর্ত্যা অভিপ্রতারিন্ বহুধা বসন্তম্। যস্মৈ বা এতদং তস্মা এতন্ন দত্তমিতি ॥ ৬
অন্বয় : সঃ হ উবাচ—মহাত্মনঃ চতুরঃ (চারিজন মহাত্মাকে) দেবঃ একঃ কঃ (কে) সঃ জগার (গ্রাস করিয়াছে)? ভুবনস্য (ভুবনের গোপাঃ (রক্ষক)? তম্ (তাহাকে কাপেয়! ন অভিপশ্যন্তি (দেখিতে পায় না) মর্ত্যাঃ (মরণশীল মানবগণ) অভিপ্রতারি! বহুধা (বহুরূপে)বসন্তম্ (বর্তমান)। যস্মৈ (যাহার জন্য) বৈ এতৎ অন্নম্ (এই অন্ন) তস্মৈ (তাহাকে) এতৎ ন দত্তম্ (ইহা দিলে না) ইতি।
সরলার্থ : সেই ব্রহ্মচারী বলিল, ‘এক দেবতা চারিজন মহাত্মাকে গ্রাস করিয়াছেন; তিনি কে? কে ভুবনের রক্ষক? হে কাপেয়, হে অভিপ্রতারী, বহুরূপে বর্তমান সেই দেবতাকে মানুষেরা দেখিতে পায় না। যাঁহার জন্য এই অন্ন তাঁহাকেই ইহা দিলে না।’
মন্তব্য : বায়ু এই চারিজনকে গ্রাস করেন—অগ্নি, সূর্য, চন্দ্র ও জল। প্ৰাণ গ্ৰাস করেন এই চারিজনকে—বাক্, চক্ষু, কর্ণ ও মন। বায়ু এবং প্রাণ একই দেবতা; এইজন্যই বলা হইয়াছে—একই দেবতা চারিজনকে গ্রাস করেন। শঙ্করের মতে ‘কঃ’ অর্থ ‘কে’ নহে। তিনি বলেন এখানে ‘ক’ নামক দেবতার অর্থাৎ প্রজাপতির কথা বলা হইয়াছে।