প্রজাপতির্লোকানভ্যতপত্তেষাং তপ্যমানানাং রসান্ প্রাবৃহদগ্নিং পৃথিব্যা বায়ুমন্তরিক্ষাদাদিত্যং দিবঃ ॥ ১
অন্বয় : প্রজাপতিঃ লোকান্ (লোকসমূহকে উদ্দেশ্য করিয়া) অভি + অতপৎ (তপস্যা করিলেন)। তেষাম্ তপ্যমানানাম্ (সেই অভিতপ্ত লোকসমূহের) রসান্ (রসসমূহকে) প্রাবৃহৎ (উদ্ধৃত করিলেন)—অগ্নিম্ পৃথিব্যাঃ (পৃথিবী হইতে) বায়ুম্ অন্তরিক্ষাৎ (অন্তরিক্ষ হইতে), আদিত্যম্ দিবঃ (দ্যৌ হইতে)।
সরলার্থ : প্রজাপতি লোকসমূহকে উদ্দেশ করিয়া তপস্যা করিলেন। সেইসব লোক হইতে তিনি বিভিন্ন রস নিষ্কাশিত করিলেন—পৃথিবী হইতে অগ্নি, অন্তরিক্ষ হইতে বায়ু এবং দ্যুলোক হইতে আদিত্য।
মন্তব্য : ‘অভ্যতপৎ’—কেহ কেহ বলেন ‘লোকান্ অভ্যতপৎ’—লোকসমূহকে উত্তপ্ত করিয়াছিলেন। ‘তপ্’ ধাতুর মৌলিক অর্থ উত্তপ্ত করা।