তয়োরন্যতরাং মনসা সংকরোতি ব্রহ্মা বাচা হোতাধ্বরুদ্গাতান্যতরাং স যত্রোপাকৃতে প্রাতরনুবাকে পুরা পরিধানীয়ায়া ব্ৰহ্মা ব্যববদতি ॥ ২
অন্বয় : তয়োঃ (এই দুইটির) অন্যতরাম্ (একটিকে) মনসা (মনদ্বারা) সংকরোতি (সম্পন্ন করেন, শোধন করেন) ব্রহ্মা। বাচা (বাক্যদ্বারা) হোত অধ্বর্যুঃ, উদ্গাতা অন্যতরাম্। সঃ (ব্রহ্মা) যত্র (যখন) উপকৃতে (আরম্ভ হইলে) প্রাতঃ অনুবাকে (প্রাতঃকালে পঠনীয় অনুবাক) পুরা (পূর্বে) পরিধানীয়ায়াঃ (‘পরিধানীয়ায়া’ নামক ঋকের) ব্রহ্মা ব্যববদতি (মৌনভাব পরিত্যাগ করিয়া শব্দ করেন)।
সরলার্থ : ব্রহ্মা নামক ঋত্বিক ইহার একটি পথকে মন দ্বারা (অর্থাৎ চিন্তা দ্বারা, বা মৌনাবলম্বনপূর্বক) সম্পন্ন করেন (বা সংশোধন করেন); এইটি মনোরূপ পথ)। হোতা, অধ্বর্যু ও উদ্গাতা বাক্য দ্বারা অপরটিকে সম্পন্ন করেন; (এইটি বাক্যরূপ পথ)। প্রাতে যে অনুবাক পাঠ করা হয় তাহা আরম্ভ হইবার পর এবং ‘পরিধানীয়’ নামের ঋক্ পাঠ করিবার পূর্বে যদি ‘ব্রহ্মা’ মৌন ত্যাগ করিয়া বাক্য উচ্চারণ করেন—
মন্তব্য : ‘হু’ ধাতু অর্থ আহুতি দেওয়া। ইহাতে বুঝা যাইতেছে যে, অতি প্রাচীনকালে ‘হোতা’ হোম কর্মও সম্পন্ন করিতেন। সোমযজ্ঞে চারি প্রকার ঋত্বিক্ নিযুক্ত হইয়া থাকে—(১) ঋগ্বেদী ঋত্বিক—ইহার নাম হোতা। হোতার তিনজন সঙ্গী (ক) মৈত্রাবরুণ, (খ) আচ্ছাবাক, (গ) গ্রাবস্তুব; মোট চারি জন। (২) যজুর্বেদী অধ্ব—— ইহার তিনজন সঙ্গী (ক) প্রতিপ্রস্থাতা, (খ) নেষ্টা, (গ) উন্নেতা; মোট চারিজন। (৩) সামবেদী উদ্গাতা—ইহার তিনজন সঙ্গী (ক) প্রস্তোতা, (খ) প্রতিহর্তা, (গ) সুব্রহ্মণ্যা, মোট চারি জন। (৪) ব্রহ্মা নামক ঋত্বিক্—ইহার তিনজন সঙ্গী (ক) ব্রাহ্মণাচ্ছংসী, (খ) আগ্নীধ্র, (গ) পোতা; মোট চারি জন। হোতা নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করেন; অধ্বর্যু হোমদ্রব্য প্রস্তুত ও আহুতি অর্পণ করেন এবং উদ্গাতা সামগান করেন। ব্রহ্মার তিন বেদের বিশেষ জ্ঞান থাকা আবশ্যক। তিনি অপরাপর ঋত্বিকের কার্যের তত্ত্বাবধান করেন এবং ভ্রম সংশোধন করিয়া থাকেন। পরবর্তীকালে ‘ব্রহ্মা’ অথর্ববেদী ঋত্বিক্ বলিয়া পরিচিত হইয়াছেন।