এতং সংযদ্বাম ইত্যাচক্ষত এতং হি সর্বাণি বামান্যভিসংযন্তি সর্বাণ্যেনং বামান্যভিসংযন্তি য এবং বেদ ॥ ২
অন্বয় : এতম্ (ইঁহাকে) যংযদ্বাম ইতি আচক্ষতে (বলা হয়)। এতম্ হি (ইহাকে) সর্বাণি বামানি (সমুদয় কল্যাণকর বস্তু) অভিসংযন্তি (সর্বতোভাবে গমন করে)। সর্বাণি (সমুদয়) এনম্ (এই ব্যক্তিকে) বামানি অভিসংযন্তি, যঃ (যিনি) এবম্ (এই প্রকার) বেদ (জানেন)।
সরলার্থ : ইঁহাকে ‘সংযদ্বাম’ বলা হয়, কারণ ইনি সমুদয় ‘বাম’ অর্থাৎ শোভনীয়, ভজনীয় বস্তুর) আশ্রয়। যিনি এই প্রকার জানেন, সমুদয় কল্যাণ তাঁহাকে আশ্রয় করে।
মন্তব্য : বামানি সংযন্তি অর্থাৎ কল্যাণকর বস্তুসমূহ ইহার নিকট গমন করে, এইজন্য ইহার নাম ‘সংযদ্বাম’। ‘সংযদ্বাম’ এবং ‘বামানি সংযন্তি’ এতদুভয়ের উচ্চারণের সাদৃশ্য দ্রষ্টব্য। ডয়সনের মতে ‘সংযদ্বাম’ শব্দের অর্থ ‘Love’s treasure’ অর্থাৎ প্রিয় বস্তুর আধার।