ভগব ইতি হ প্রতিশুশ্রাব ব্রহ্মবিদ ইব সোম্য তে মুখং ভাতি কো নু ত্বানুশশাসেতি কো নু মানুশিষ্যাডো ইতীহাপের নিত ইমে নূনম্ ঈদৃশা অন্যাদৃশা ইতীহাগ্নীনভ্যূদে কিং নু সোম্য কিল তেহবোচন্নিতি ॥ ২
অন্বয় : ভগবঃ ইতি হ প্রতি শুশ্রাব (প্রত্যুত্তর করিল)। ব্রহ্মবিদঃ ইব (ব্রহ্মবিদের ন্যায়) সোম্য, তে (তোমার) মুখম্ ভাতি (দীপ্তি পাইতেছে)। কঃ (কে) নু জ্বা (তোমাকে) অনুশশাস (অনুশাসন করিয়াছে)? কঃ নু মা (আমাকে) অনুশিষ্যাৎ (উপদেশ দিবে)? ভোঃ ইতি। ইহ (এই বিষয়ে) ইব (যেন) অপ নিহ্নুতে (গোপন করিল)। ইমে (এই সমুদয়, অঙ্গুলিদ্বারা নির্দেশ করিয়া বলিল— এই অগ্নিসমূহ) নূনম্ (নিশ্চয়ই ঈদৃশাঃ (এই প্রকার) অন্যাদৃশাঃ (অন্য প্রকার) ইতি ইহ (এইস্থলে) অগ্নীন্ (অগ্নিসমূহকে লক্ষ্য করিয়া) অভ্যুদে (বলিয়াছিল)—কিম্ (কি) নু সোম্য! কিল তে (তাহারা কিংবা তোমাকে) অবোচন্ (বলিয়াছে) ইতি?
সরলার্থ : উপকোসল উত্তর করিল—’ভগবান্!” আচার্য বলিলেন, “তোমার মুখ ব্রহ্মবিদের মত দীপ্তি পাইতেছে। তোমাকে কে উপদেশ দিয়াছে?’ উপকোসল বলিল— ‘ভগবান্, কে আমাকে উপদেশ দিবে?’ এই বলিয়া বিষয়টি যেন গোপন করিল। তারপর অগ্নিদের দেখাইয়া বলিল—এই যে অগ্নি, পূর্বে ইহা নিশ্চয়ই অন্য প্রকার ছিল। ‘অগ্নিগণ তোমাকে কি উপদেশ দিয়াছে?’
মন্তব্য : ‘ঈদৃশাঃ অন্যাদৃশাঃ’ অংশের অর্থ শঙ্কর এই প্রকার করিয়াছেন — এই অগ্নিগণ এখন এই প্রকার (ঈদৃশাঃ) কম্পমান বলিয়া দৃষ্ট হইতেছে, পূর্বে অন্যপ্রকার (অন্যাদৃশাঃ) ছিল।’ কেহ কেহ অর্থ করেন ‘ইহারা কি এই প্রকার না অন্য প্রকার?’