অথ যত্তদজায়ত সোঽসাবাদিত্যস্তং জায়মানং ঘোয়া উলূলবোহনূদতিষ্ঠন্ সর্বাণি চ ভূতানি সর্বে চ কামাস্তস্মাত্তস্যোদয়ং প্রতি প্রত্যায়নং প্রতি ঘোষা উলূলবোহনূতিষ্ঠন্তি সর্বাণি চ ভূতানি সর্বে চ কামাঃ ॥ ৩
অন্বয় : অথ যৎ তৎ (এই যাহা) অজায়ত (জন্মাইল), সঃ অসৌ (এই) আদিত্যঃ। তম্ জায়মানম্ [অনু] (তাঁহাকে জাত হইতে দেখিয়া) ঘোষাঃ (শব্দ) উলূলবঃ (উলূলু, উলু উলু এই ধ্বনি) অনু-উৎ + অতিষ্ঠন্ (উত্থিত হইয়াছিল) সর্বাণি চ ভূতানি (সমুদয় ভূত) সর্বে চ কামাঃ (সমুদয় কাম্যবস্তু)। তস্মাৎ (সেই জন্য) তস্য উদয়ম্ প্রতি (তাহার উদয়কে লক্ষ করিয়া) প্রতি+অয়নম্ প্রতি (অস্তগমনকে লক্ষ করিয়া) ঘোষাঃ উলূলবঃ অনূতিষ্ঠন্তি (উৎপন্ন হয়) সর্বাণি চ ভূতানি, সর্বে চ কামাঃ
সরলার্থ : তারপর উৎপন্ন হইল এই সূর্য। তিনি উৎপন্ন হইলে ‘উলু উলু ধ্বনি উঠিল এবং সমুদয় ভূত ও কাম্যবস্তু উৎপন্ন হইল। এই জন্য সূর্যোদয় ও সূর্যাস্তের সময় উলুধ্বনি এবং সকল জীব ও কাম্যবস্তু উত্থিত হয়।
মন্তব্য : উলূলবঃ— শঙ্করাচার্য বলেন উলূলবঃ = ‘উরূরবঃ’ অর্থ বিস্তীর্ণরবঃ। আনন্দগিরির অর্থ দেশবিশেষে প্রসিদ্ধ উৎসবধ্বনি। অথর্ববেদে অনুরূপ অর্থে উলূলয়ঃ (উলুলি শব্দ) ব্যবহৃত হইয়াছে। চতুর্থ মন্ত্রে সাধবঃ ঘোষাঃ (অর্থাৎ মঙ্গলধ্বনি) ব্যবহৃত হইয়াছে। এইসব বিবেচনা করিয়া মনে হয় ‘উলূলবঃ’ শব্দের অর্থ মঙ্গলধ্বনি।