আদিত্যো ব্রহ্মেত্যাদেশস্তস্যোপব্যাখ্যানমসদেবেদমগ্র আসীত্তৎ সদাসীত্তৎ সমভবৎ তদাণ্ডং নিরবর্তত তৎ সংবৎসরস্য মাত্ৰামশয়ত তন্নিরভিদ্যত তে আণ্ডকপালে রজতং চ সুবর্ণং চাভবতাম্ ॥ ১
অন্বয় : আদিত্যঃ ব্রহ্ম ইতি আদেশঃ (এই উপদেশ); তস্য উপব্যাখ্যানম্ (ব্যাখ্যা) অসৎ এব (অসৎই; নামরূপবিহীন) ইদম্ (এই জগৎ) অগ্রে (পূর্বে) আসীৎ (ছিল)। তৎ (তাহা) সৎ (সূক্ষ্ম সত্তাবান্) আসীৎ (হইল)। তৎ সম্ + অভবৎ (সম্ভূত হইল); তৎ আণ্ডম্ (বৈদিক প্রয়োগ, অণ্ডম্) নিরবর্তত (পরিণত হইল); তৎ সম্বৎসরস্য (এক বৎসরের) মাত্রাম্ (পরিমাণে) অশয়ত (নিশ্চল অবস্থায় রহিল, যেমন লোকে শয়ন করিয়া থাকে); তৎ নিরভিদ্যত (বিভক্ত হইল); তে (সেই দুই) আণ্ডকপালে (অণ্ডের দুইভাগ, কপাল— ডিম্বের খোসা) রজতম্ চ (রজতময়) সুবর্ণম্ চ (সুবর্ণময়) অভবতাম্ (হইল)।
সরলার্থ : আদিত্যই ব্ৰহ্ম— ইহাই উপদেশ। ইহার বিস্তৃত ব্যাখ্যা এই—এই (জগৎ) পূর্বে অসৎ বা নামরূপহীন ছিল। তাহা সৎ (অর্থাৎ সূক্ষ্ম সত্তাবান্) এবং ডিম্বরূপে পরিণত হইল। এক বৎসরকাল স্পন্দনহীন অবস্থায় থাকিয়া সেই ডিম্ব বিভক্ত হইল। ডিম্বের একভাগ রজতময়, অপরভাগ সুবর্ণময় হইল।