তং চেদেতস্মিন্ বয়সি কিঞ্চিদুপতপেৎ স ব্লুয়াৎ প্রাণা বসব ইদং মে প্রাতঃসবনং মাধ্যন্দিনং সবনমনুসন্তনুতেতি মাহং প্রাণানাং বসূনাং মধ্যে যজ্ঞো বিলোপ্সীয়েত্যুদ্ধৈব তত এত্যগদো হ ভবতি ॥ ২
অন্বয় : তম্ (তাহাকে) চেৎ (যদি) এতস্মিন্ বয়সি (এই বয়সে; এই চব্বিশ বৎসরের মধ্যে) কিম্ + চিৎ (কিছু; ব্যাধি প্রভৃতি) উপতপেৎ (উপতপ্ত করে) সঃ ব্লুয়াৎ (বলিবে)—প্রাণাঃ (হে প্ৰাণসমূহ), বসবঃ (হে বসুগণ) ইদম্ মে প্রাতঃসবনম্ (এই আমার প্রাতঃসবনকে; অর্থাৎ জীবনের প্রথম অংশকে) মাধ্যন্দিনম্ সবনম্ (মাধ্যন্দিন সবন পর্যন্ত অর্থাৎ মধ্য জীবন পর্যন্ত) অনুসন্তনুত সম্যরূপে বিস্তৃত কর) ইতি। মা (না) অহম্ (আমি) প্রাণানাম্ বসুনাম্ মধ্যে (প্রাণরূপ বসুগণের মধ্যে) যজ্ঞঃ (যজ্ঞ অর্থাৎ আমি বিলোপ্সীয়— (যেন বিলুপ্ত হই) ইতি তৎ + হ + এব ততঃ প্রতি (উত্থিত হয়); ততঃ (সেই ব্যাধি হইতে) অগদঃ (নীরোগ) হ (ভবতি) (হয়)।
সরলার্থ : এই বয়সে (অর্থাৎ প্রথম চব্বিশ বৎসরের মধ্যে) যদি কোন ব্যাধি তাহাকে যন্ত্রণা দেয়, তবে সে বলিবে—’হে প্ৰাণসমূহ হে বসুগণ, আমার এই প্রাতঃসবনকে (অর্থাৎ জীবনের প্রথম অংশকে) মাধ্যন্দিন সবন পর্যন্ত (অর্থাৎ মধ্যজীবন পর্যন্ত) বিস্তৃত করিয়া দাও। যজ্ঞরূপী আমি যেন প্রাণরূপী বসুগণের মধ্যে বিলুপ্ত না হই। ইহা বলিলে সে সেই ব্যাধি হইতে মুক্ত হইয়া নিশ্চয়ই নীরোগ হয়।
মন্তব্য : প্রাতঃসবনকে মাধ্যন্দিন সবন পর্যন্ত বিস্তৃত করার অর্থ জীবনের প্রথম অংশকে মধ্যজীবনের সহিত সম্মিলিত করা অর্থাৎ প্রথম চব্বিশ বৎসর জীবনধারণ করিয়া মধ্যবয়সে উপনীত হওয়া।