পুরুষো বাব যজ্ঞস্তস্য যানি চতুর্বিংশতিবর্ষাণি তৎ প্রাতঃসবনং চতুর্বিংশত্যক্ষরা গায়ত্রী গায়ত্রং প্রাতঃসবনং তদস্য বসবোহন্বায়ত্তাঃ প্রাণা বাব বসব এতে হীদং সর্বং বাসয়ন্তি ॥ ১
অন্বয় : পুরুষঃ বা যজ্ঞঃ (যজ্ঞস্বরূপ)। তস্য যানি চতুর্বিংশতি বর্ষাণি (তাহার যে চব্বিশ বৎসর), তৎ (তাহা) প্রাতঃসবনম্ (২।২৪।১ টীকা দ্রঃ); চতুর্বিংশতি + অক্ষরা (চব্বিশ অক্ষর যুক্ত) গায়ত্রী (গায়ত্রীছন্দ); গায়ত্রম্ (গায়ত্রীছন্দ যুক্ত) প্রাতঃসবনম্। তৎ [অন্বায়ত্তাঃ] (এই প্রাতঃসবনের অনুগত) অস্য (এই পুরুষযজ্ঞের) বসবঃ (বসুগণ) অন্বায়ত্তাঃ প্রাণাঃ (প্রাণসমূহ বাগাদি ইন্দ্রিয়) বাব বসবঃ; এতে (এই প্ৰাণসমূহ) হি (যেহেতু) ইদম্ সর্বম (এই সমুদয়কে) বাসয়ন্তি (বাস করায়)।
সরলার্থ : পুরুষই যজ্ঞ। তাহার (জীবনের প্রথম) চব্বিশ বৎসর প্রাত সবনস্থানীয়; কারণ গায়ত্রীর চব্বিশটি অক্ষর এবং প্রাতঃসবনে গায়ত্রীছন্দের মন্ত্র উচ্চারণ করা হয়। বসুগণ এই যজ্ঞের প্রাতঃসবনের অনুগত প্রাণসমূহই এই বসু, কারণ ইহারাই এই সমুদয় চরাচর ভূতবর্গকে বাস করিয়া থাকে।
মন্তব্য : এখানে পুরুষকে যজ্ঞরূপে কল্পনা করিয়া উপাসনা করা হইতেছে। ঋষি বলিতেছেন— যে ‘বাস’ করায় তাহার নাম ‘বসু’। প্রাণ দেহে থাকিলেই সকলে জীবনধারণ করিতে সমর্থ হয় এবং বাস করিতে পারে। সুতরাং প্রাণ সকলকে বাস করায়; এই জন্য প্রাণই বসু।