মনোময়ঃ প্রাণশরীরো ভারূপঃ সত্যসঙ্কল্প আকাশাত্মা সর্বকর্মা সর্বকামঃ সর্বগন্ধঃ সর্বরসঃ সর্বমিদমভ্যাত্তোহবাক্যনাদরঃ ॥ ২
অন্বয় : মনোময়ঃ প্রাণশরীরঃ (প্রাণই যাহার শরীর) ভারূপঃ (জ্যোতিস্বরূপ সত্যসঙ্কল্পঃ, আকাশাত্মা (যাঁহার আত্মা আকাশের ন্যায় সর্বব্যাপী, অখণ্ড ও রূপাদিবিহীন) সর্বকর্মা (সমুদয় কর্মের কর্তা বা আধার) সর্বকামঃ (সমুদয় কামনার আধার বা উৎপাদক) সর্বগন্ধঃ (সমুদয় গন্ধের আধার বা উৎপাদক) সর্বরসঃ (সর্বরসের আধার বা উৎপাদক)। সর্বম্ ইদম্ (এই সমুদয়কে) অভ্যাত্তঃ (পরিব্যাপ্ত)। অবাকী (বাগিন্দ্রিয়রহিত) অনাদরঃ (অনপেক্ষ, ব্যগ্রতারহিত; কারণ নিত্যতৃপ্ত ঈশ্বরের পক্ষে ব্যগ্রতা বা আসক্তি থাকা সম্ভব নহে)।
সরলার্থ : যিনি মনোময়, প্রাণই যাঁহার শরীর, যিনি জ্যোতিঃস্বরূপ ও সত্য- সংকল্প, যিনি আকাশের ন্যায় (সর্বব্যাপী, অখণ্ড ও রূপাদিবিহীন), যিনি সর্বকর্মা, সর্বকাম, সর্বগন্ধ ও সর্বরস, যিনি সমস্ত কিছুতে পরিব্যাপ্ত হইয়া রহিয়াছেন, যিনি বাগিন্দ্রিয়রহিত ও অনপেক্ষ ।