অথ যদূর্ধ্বং মধ্যন্দিনাৎ প্রাগপরাহ্নাৎ স প্রতিহারস্তদস্য গর্ভা
অন্বায়ত্তাস্তস্মাত্তে প্রতিতা নাবপদ্যন্তে প্রতিহারভাজিনো
হোতস্য সাম্নঃ। ৬
অন্বয় : অথ যৎ (যে রূপ) ঊর্ধ্বম মধ্যন্দিনাৎ (মধ্যাহ্নকালের পরে) প্রাক অপরাহ্নাৎ (অপরাহ্নের পূর্বে) সঃ প্রতিহারঃ। তৎ (সেই রূপের অনুগত) অস্য (এই আদিত্যের) গর্ভাঃ (গর্ভসমূহ) অন্বায়ত্তাঃ (অনুগত)। তস্মাৎ (সেই জন্য) তে (সেই গর্ভসমূহ) প্রতিহৃতাঃ (ধৃত হইয়া) ন (না) অবপদ্যন্তে (অধঃপতিত হয়)। প্রতিহার- ভাজিনঃ (প্রতিহারের অধিকারী) হি এতস্য সাম্নঃ (এই সামের)।
সরলার্থ : মধ্যাহ্নের পরে ও অপরাহ্নের পূর্বে আদিত্যের যে রূপ, তাহাই ‘প্রতিহার’। গর্ভস্থ ভ্রূণ আদিত্যের এই রূপের অনুগত। এই জন্যই ইহারা জরায়ুতে ধৃত থাকে এবং পড়িয়া যায় না। ইহারা সামের ‘প্রতিহার’ অংশের অধিকারী।