বৃষ্টৌ পঞ্চবিধং সামোপাসীত পুরোবাতো হিঙ্কারো মেঘো জায়তে
স প্রস্তাবো বর্ষতি স উদ্গীথো বিদ্যোততে স্তনয়তি স প্রতিহারঃ ॥ ১
অন্বয় : বৃষ্টৌ (বৃষ্টিতে) পঞ্চবিধম্ সাম (পাঁচ প্রকার সামকে) উপাসীত (উপাসনা করিবে)—পুরোবাতঃ (বৃষ্টির পূর্বে যে বায়ু উত্থিত হয়; কিংবা পূর্বদিক হইতে যে বায়ু প্রবাহিত হয়) হিঙ্কারঃ; মেঘঃ জায়তে (মেঘ উৎপন্ন হয়) সঃ (ইহা) প্রস্তাবঃ; বর্ষতি (বৃষ্টি পতিত হয়) সঃ (ইহা) উদ্গীথঃ; বিদ্যোততে (বিদ্যুৎ প্রকাশিত হয়), স্তনয়তি (গর্জন করে) সঃ (ইহাই) প্রতিহারঃ।
সরলার্থ : বৃষ্টিবিষয়ে চিন্তা করিয়া পাঁচ প্রকার সামের উপাসনা করিবে—বৃষ্টির পূর্বে যে বাতাস প্রবাহিত হয় তাহা হিঙ্কার, যে মেঘ জন্মায় তাহা প্রস্তাব, যে বৃষ্টি পড়ে তাহা উদ্গীথ, যে বিদ্যুৎ প্রকাশ পায় ও মেঘ গর্জন করে তাহাই প্রতিহার।