স য এবমেতদ্বৈরূপং পর্জন্যে প্রোতং বেদ বিরূপাংশ্চ সুরূপাংশ্চ পশূনবরুদ্ধে সর্বমায়ুরেতি জ্যোগ্ জীবতি মহান্ প্রজয়া পশুভির্ভবতি মহান্ কীৰ্তা বর্ষন্তং ন নিন্দেৎ তদ্ ব্রতম্ ॥ ২
অন্বয় : সঃ যঃ (২।১১।২ মন্তব্য) এবম্ এতৎ বৈরূপম্ পর্জন্যে প্রোতম্ বেদ, বিরূপান্ চ, সুরূপান্ চ, পশূন্ (নানারূপ এবং সুরূপ পশুসমূহকে) অবরুদ্ধে (অবরোধ করেন, লাভ করেন) সর্বম্ আয়ুঃ এতি, জ্যোক্ জীবতি, মহান্ প্রজয়া পশুভিঃ ভবতি; মহান্ কীৰ্তা। বর্ষন্তম্ (বর্ষণকারীকে) ন নিন্দেৎ। তৎ ব্রতম্।
সরলার্থ : ‘বৈরূপ’ নামক সাম মেঘে প্রতিষ্ঠিত— যিনি এইরূপ জানেন, তিনি নানা বিচিত্র এবং সুন্দর পশু লাভ করেন; পূর্ণায়ু ও উজ্জ্বল (বা দীর্ঘ) জীবনেরও তিনি অধিকারী। প্রজা ও পশুলাভ করিয়া তিনি মহীয়ান হন এবং কীর্তিতেও মহান হন। বর্ষণকারী মেঘকে কখনও নিন্দা করিবেন না— ইহাই তাঁহার ব্রত।