একবিংশত্যাদিত্যমাপ্রোত্যেকবিংশো বা ইতোহসাবাদিত্যো দ্বাবিংশেন
পরমাদিত্যাজ্জয়তি তন্নাকং তদ্বিশোকম্ ॥ ৫
অন্বয় : একবিংশত্যা (একুশটি অক্ষরের জ্ঞান দ্বারা) আদিত্যম্ (আদিত্য) আপ্নোতি (প্রাপ্ত হয়)। একবিংশঃ বৈ (২১ সংখ্যক—১২ মাস, ৫ ঋতু ও ৩ লোক =২০, ইহার পর আদিত্য, সুতরাং আদিত্য ২১ সংখ্যক) ইতঃ (ইহলোক হইতে) অসৌ আদিত্যঃ (ঐ সূর্য)। দ্বাবিংশেন (দ্বাবিংশ অক্ষর দ্বারা) পরম্ (পরম লোককে) আদিত্যাৎ (আদিত্য অপেক্ষা) জয়তি (জয় করে)। তৎ (তাহা) নাকং তৎ বিশোকম্ (শোকরহিত)।
সরলার্থ : এই পৃথিবী লোক হইতে আরম্ভ করিয়া (লোকসমূহের সংখ্যা গণনা করিলে) আদিত্য একবিংশতি সংখ্যক হয়। দ্বাবিংশ অক্ষরের জ্ঞান দ্বারা আদিত্য অপেক্ষা শ্রেষ্ঠ লোক জয় করা যায়। সেই লোকই সুখময় এবং শোকরহিত।
মন্তব্য : ঋগ্বেদাদি গন্ধে ‘নাক’ একটি বিশেষ স্থান। অথর্ববেদের মতে (৪।১৪।৩), পৃথিবীর উপরিভাগে অন্তরিক্ষ, তাহার পর যথাক্রমে দ্যৌ, নাক, স্বঃ এবং জ্যোতি। ঋগ্বেদের একই মন্ত্রে (১০।১২।১৫) স্বঃ, নাক এবং অন্তরিক্ষের উল্লেখ আছে। অনেকে ‘নাক’ শব্দের এই প্রকার অর্থ করেনঃ নাক= ন+অক; অক-দুঃখ সুতরাং ‘নাক’ অর্থ ‘যাহা দুঃখময় নহে’ অর্থাৎ সুখময় স্থান।