দেবা বৈ মৃত্যোর্বিভ্যতয়ীং বিদ্যাং প্রাবিশংস্তে ছন্দোভিরচ্ছাদয়ন যদেভি-রচ্ছাদয়ংস্তচ্ছন্দসাং ছন্দস্ত্বম্ ॥ ২
অন্বয় : দেবাঃ (দেবগণ) বৈ মৃত্যোঃ (মৃত্যু হইতে) বিভ্যতঃ (ভীত হইয়া) ত্রয়ীম্ বিদ্যাম্ (তিন বেদে) প্রাবিশন্ (প্রবিষ্ট হইয়াছিল)। তে (তাহারা) ছন্দোভিঃ (ছন্দদ্বারা, মন্ত্রদ্বারা) আচ্ছাদয়ন্ (আচ্ছাদিত করিয়াছিল)। যৎ (যেহেতু) এভিঃ (এই সমুদয় মন্ত্রদ্বারা) অচ্ছাদয়, তৎ (সেই জন্য) ছন্দসাম্ (ছন্দসমূহের) ছন্দত্বম্ (ছন্দ নাম)।
সরলার্থ : দেবদগণ মৃত্যুভয়ে ত্রয়ী বিদ্যাতে প্রবেশ করিয়াছিলেন (অর্থাৎ মৃত্যুভয় অতিক্রম করিবার জন্য দেবগণ বেদবিহিত কর্মে প্রবৃত্ত হইয়াছিলেন)। তাঁহারা ছন্দদ্বারা (মন্ত্রদ্বারা) নিজেদের আচ্ছাদন করিয়াছিলেন। তাঁহারা এই সকল মন্ত্র দ্বারা নিজেদের ‘আচ্ছাদন’ করিয়াছিলেন; এই জন্য মন্ত্রসমূহের নাম ছন্দ।
মন্তব্য : প্রাচীন মত উদ্ধৃত করিয়া নিরুক্তকার বলেন ‘ছন্দাংসি ছাদনাৎ’ অর্থাৎ আবরণ করা হয় এই অর্থে ছন্দ।