নৈবৈতেন সুরভি ন দুর্গন্ধি বিজানাত্যপহতপাপ্পা হোষ তেন যদশ্মাতি যৎ পিবতি তেনেতরান্ প্রাণানবত্যেতমু এবান্ততোহ বিত্ত্বোৎক্রামতি ব্যাদদাত্যেবান্তত ইতি ॥৯
অন্বয় : ন (না) এব এতেন (মুখ্যপ্রাণ দ্বারা) সুরভি (সুগন্ধিকে) ন দুর্গন্ধি (দুর্গন্ধিকে) বিজানাতি (জানে)। অপহতপাপ্পা (নিষ্পাপ) হি এষঃ (এই)। তেন (তাহা দ্বারা) যৎ (যে বস্তুকে) অশ্নাতি (ভোজন করে), যৎ পিবতি (পান করে), তেন (সেই ভোজন ও পান দ্বারা) ইতরান্ প্রাণান্ (অপর প্রাণসমূহকে) অবতি (পালন করে); এতম্ (ইহাকে) উ এব অন্ততঃ (অন্তকালে) অবিত্ত্বা (লাভ না করিয়া) উৎক্রামতি (উৎক্রমণ করে), ব্যাদদাতি (মুখব্যাদন করে) এব অন্ততঃ ইতি।
সরলার্থ : এই মুখ্য প্রাণদ্বারা সুরভি বা দুর্গন্ধি কিছুই জানা যায় না; কারণ এই প্রাণ অপাপবিদ্ধ। এই প্রাণদ্বারা যাহা ভোজন করা হয়, যাহা পান করা হয়, তাহাতে অপরাপর প্রাণ (ঘ্রাণাদি) প্রতিপালিত হইয়া থাকে। মরণকালে যখন লোকে এই মুখ্য প্রাণকে লাভ করিতে পারে না, তখন সে দেহ হইতে উৎক্রমণ করে। এই জন্যই মৃত্যুকালে লোকে মুখব্যাদান করে।