আগাতা হ বৈ কামানাং ভবতি য এতদেবং বিদ্বানক্ষরমুদ্গীথমুপাস্ত ইত্যধ্যাদত্মম্ ॥১৪
অন্বয় : আগাতা (গানকর্তা) হ বৈ কামানাম্ (কাম্যবস্তুসমূহের) ভবতি (হন), যঃ (যিনি) এতৎ (ইহাকে) এবম্ বিদ্বান্ (জানিয়া) অক্ষরম্ (‘ওম্’ এই অক্ষরকে) উদ্গীথম্ (উদ্গীথরূপে) উপাস্তে (উপাসনা করেন)। ইতি অধ্যাত্মম্ (দেহ-সংক্রান্ত ব্যাখ্যা)।
সরলার্থ : যিনি মুখ্যপ্রাণকে এই প্রকার জানিয়া অক্ষরকে উদ্গীথরূপে উপাসনা করেন, তিনি উদ্গান করিয়া কাম্যবস্তু লাভ করেন। ইহাই আধ্যাত্মিক অর্থাৎ দেহ-সংক্রান্ত ব্যাখ্যা।
মন্তব্য : ‘অধ্যাত্ম’ শব্দের অর্থ আত্মসম্বন্ধী। এস্থলে ‘দেহ অর্থে ‘আত্মা’ শব্দ ব্যহহৃত হইয়াছে। প্রাচীন সাহিত্যে এই প্রকার ব্যবহার বহুল দৃষ্ট হয়। উপনিষদাদি গ্রন্থের অনেক স্থলে অধিদৈবত, অধিভূত এবং অধ্যাত্ম— এই তিনটি বিষয়ের আলোচনা করা হইয়াছে। যখন আপ, অগ্নি, অন্তরিক্ষ, বায়ু, দ্যৌ প্রভৃতি বিষয় লইয়া ব্যাখ্যা করা হয়, তখন সেই ব্যাখ্যাকে অধিদৈব বলা হয়। ভূতসমূহ লইয়া যে ব্যাখ্যা, তাহার নাম অধিভূত। চক্ষু, কর্ণাদি লইয়া যে ব্যাখ্যা, তাহা অধ্যাত্ম ব্যাখ্যা।