তদ্বা এতদনুজ্ঞাক্ষরং যদ্ধি কিঞ্চানুজানাত্যোমিত্যেব তদাহৈষো এব সমৃদ্ধির্যদনুজ্ঞা সমর্ধয়িতা হ বৈ কামানাং ভবতি য এতদেবং বিদ্বানক্ষরমুদ্গীথমুপাস্তে॥৮
অন্বয় : তৎ (সেই) বৈ এতৎ (এই) অনুজ্ঞা অক্ষরম্ (অনুমতিসূচক অক্ষর); যৎ (যাহা, কিংবা যখন) হি কিম্ চ অনুজানাতি (অনুমতি প্রকাশ করেন) ওম্ ইতি (ওম্ ইহা) এব তদা (তখন) আহ (বলেন)। এষা ঊ এব (ইহাই) সমৃদ্ধিঃ (শ্রেয়ঃ ঐশ্বর্য) যৎ (যা=যাহা) অনুজ্ঞা (অনুমতি)। সমর্ধয়িতা (যিনি সম্যক্ বৃদ্ধি করেন, তিনি) হ বৈ কামানাম্ (কাম্যবস্তুসমূহের) ভবতি (হন), যঃ (যিনি) এতৎ (ইহাকে) এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া) অক্ষরম্ উদ্গীথম্ উপাস্তে (৭ম মঃ দ্রষ্টব্য)।
সরলার্থ : সেই অক্ষর (ওম্) অনুমতি-জ্ঞাপক। যখনই কোন বিষয়ে অনুমতি দেওয়া হয়, তখনই বলা হয় “ওম্’। এই যে অনুজ্ঞা অক্ষর, ইহাই শ্রেয়োলাভের হেতু। যিনি ইহাকে এই প্রকার জানিয়া এই অক্ষরকে উদ্গীথরূপে উপাসনা করেন, তিনি সমুদয় কামনা পূর্ণ করিয়া থাকেন।