নিত্যো নিত্যানাং চেতনশ্চেতনানা
মেকো বহূনাং যো বিদধাতি কামান্ ।
তমাত্মস্থং যেঽনুপশ্যন্তি ধীরা-
স্তেষাং শান্তিঃ শাশ্বতী নেতরেষাম্(১) ॥ ১৩ ॥
(১)এই মন্ত্রের পূর্বার্ধ শ্বেতাশ্বতরোপনিষদ্ (৬ ।১৩)-এ ঠিক এই রকমই উল্লিখিত আছে এবং উত্তরার্ধ ৬ ।১২-এর সঙ্গে বহুলাংশে মেলে ।
ব্যাখ্যা—যিনি সমস্ত নিত্য চেতন আত্মারও নিত্য চেতন আত্মা এবং এক হয়েও অনন্ত জীবের কর্মফলের বিধানকর্তা—সেই পরমাত্মাকে আপন অন্তরে যে জ্ঞানী মহাপুরুষ নিত্য নিরন্তর অনুভব করেন, তিনিই চিরশান্তি লাভ করেন, অন্য কেউ চিরশান্তি লাভ করতে সমর্থ নয়॥ ১৩ ॥
সম্বন্ধ—ব্রহ্ম প্রাপ্তির এইরূপ আনন্দ এবং শান্তির কথা শুনে নচিকেতা মনে মনে চিন্তা করতে লাগলেন—