অগ্নির্যথৈকো ভুবনং প্রবিষ্টো রূপং রূপং প্রতিরূপো বভূব ।
একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপং রূপং প্রতিরূপো বহিশ্চ ॥ ৯ ॥
ব্যাখ্যা—একই অগ্নি অদৃশ্যরূপে সমগ্র ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত, তারমধ্যে কোনো পার্থক্য নেই । কিন্তু যখন তা সাকাররূপে প্রজ্বলিত হয় তখন আধার অনুযায়ী বিভিন্ন আকার প্রাপ্ত হয় এবং সেরূপ আকারই দৃষ্টিগোচর হয় । সেইরূপ সকল প্রাণীর অন্তরস্থিত পরমেশ্বর একই, আর সকলের মধ্যে সমানভাবে পরিব্যাপ্ত, তাঁর মধ্যে কোনো বিভিন্নতা নেই । তথাপি তিনি ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে সেই সেই প্রাণীর অনুরূপ ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হন । তাৎপর্য এই যে, নিরাকার ব্রহ্ম একক এবং সর্বব্যাপী । সর্বব্যাপী হয়েও তিনি বিশ্বের প্রতিটি বস্তুতে ওতপ্রোত, কাজেই প্রতিটি বস্তুর অনুরূপ আকারে তিনি প্রকাশমান । শুধু বস্তুর মধ্যেই অনুপ্রবিষ্ট নন, তিনি বস্তুর বাইরেও সমানভাবে ব্যাপ্ত আছেন । তাঁর অনন্ত শক্তির এক কণামাত্র দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ডের বিবিধ আশ্চর্যময় গতিবিধি সম্পাদিত হচ্ছে ॥ ৯ ॥
সম্বন্ধ—এবার বায়ুর উদাহরণ দিচ্ছেন—