হ ্ঁসঃ শুচিষদ্ বসুরন্তরিক্ষসদ্ধোতা বেদিষদতিথির্দুরোণসৎ ।
নৃষদ্ বরসদৃতসদ্ ব্যোমসদব্জা গোজা ঋতজা অদ্রিজা ঋতং বৃহৎ(১)॥ ২ ॥
(১)এই মন্ত্র যজুর্বেদ ১০ ।২৪, ১২ ।১৪ এবং ঋগ্বেদ ৪ ।৪০ ।৫-ও আছে ।
ব্যাখ্যা—সর্বতোভাবে প্রাকৃতিক গুণের অতীত, দিব্য বিশুদ্ধ পরমধামে স্বয়ংপ্রকাশ যে পুরুষোত্তম সর্বদা বিরাজিত, তিনিই অন্তরীক্ষে বিচরণকারী বসু নামক দেবতা, তিনিই গৃহস্থের উঠানে উপস্থিত অতিথি, যজ্ঞ কুণ্ডে অগ্নি তথা যজ্ঞে আহুতি দানকারী ‘হোতা’ । তিনিই জগতে মানুষরূপে তথা মানুষের উপাস্য দেবতারূপে এবং মানুষের পিতৃ-পিতামহরূপে বিরাজিত । তিনিই—সেই পুরুষোত্তমই আকাশে এবং সত্যে প্রতিষ্ঠিত আবার তিনিই জলে মৎস্য, শঙ্খ, শুক্তি আদি বিভিন্ন জলজ প্রাণীরূপে, স্থলে বৃক্ষ, অঙ্কুর, অন্ন, ওষধি ইত্যাদি রূপে, যজ্ঞাদি নানা সৎ কর্মের প্রার্থিত ফলরূপে এবং পর্বতে জাত বিভিন্ন নদনদীরূপে নিত্য বিরাজমান । সকল দিক দিয়েই তিনি সর্বশ্রেষ্ঠ, মহান এবং পরম সত্যতত্ত্ব ॥ ২ ॥