যতশ্চোদেতি সূর্যোঽস্তং যত্র চ গচ্ছতি ।
তং দেবাঃ সর্বে অর্পিতাস্তদু নাত্যেতি কশ্চন ॥ এতদ্বৈ তৎ ॥ ৯ ॥(১)
(১) অথর্ববেদ ১০ ।৮ ।১৯ ।
ব্যাখ্যা—যে পরমেশ্বরের থেকে সূর্যদেব পূর্বাকাশে উদিত হন এবং পশ্চিমাকাশে যাঁর মধ্যে অস্তমিত হন, যাঁর মহিমায় সূর্যদেবের উদয় এবং অস্ত নিয়মিতভাবে সঞ্চালিত হয়, সেই পরব্রহ্মেই সকল দেবতার স্থিতি এবং আশ্রয় । এমন কেউ নেই যে সর্বাত্মক, সর্বময়, সকলের আদি-অন্তের আশ্রয়স্থল সেই পরমেশ্বরের মহিমা এবং বিধানকে লঙ্ঘন করতে পারে । বিশ্বের সকল বস্তু সর্বতোভাবে তাঁর অধীনে এবং অনুশাসনে পরিচালিত হয় । কারো পক্ষে তাঁর মহিমার সীমা পাওয়া সম্ভব নয় । ওই সর্বশক্তিমান, সর্বাশ্রয়, অসীম পরব্রহ্ম পুরুষোত্তমই তোমার জিজ্ঞাস্য ‘ব্রহ্ম’॥ ৯॥