অরণ্যোর্নিহিতো জাতবেদা গর্ভ ইব সুভৃতো গর্ভিণীভিঃ ।
দিবে দিব ঈড্যো জাগৃবদ্ভির্হবিষ্মদ্ভির্মনুষ্যেভিরগ্নি ॥(১) এতদ্বৈ তৎ ॥ ৮ ॥
(১)এই মন্ত্র ঋগ্বেদ মণ্ডল ৩ সূক্ত ২৯ ।২-এ এবং সামবেদ পূর্বার্চিক খণ্ড ৮ ।৭-এও আছে ।
ব্যাখ্যা—যেরূপ গর্ভবতী স্ত্রীর গর্ভে যত্নের সঙ্গে সুচারুরূপে পরিপুষ্ট শিশু লোক চক্ষুর আড়ালে নিজেকে গোপনে অবস্থান করে, সেরূপ সর্বজ্ঞ অগ্নি দেবতা অধর এবং উত্তর অরণির (ওপর-নীচের কাষ্ঠ খণ্ডের) ভিতর অদৃশ্যভাবে বাস করেন এবং অগ্নি বিদ্যার জ্ঞাতা, শ্রদ্ধাশীল, যত্নবান, সতর্ক ও সমস্ত প্রয়োজনীয় যজ্ঞ-সামগ্রীসম্পন্ন মনুষ্যগণ প্রতিদিন তাঁর স্তব এবং সমাদর করেন—সেই অগ্নিদেবতা সর্বজ্ঞ পরমেশ্বরেরই প্রতীক । নচিকেতা ! তুমি যে ব্রহ্মের কথা জিজ্ঞাসা করেছ উনিই সেই পরব্রহ্ম ।