যা প্রাণেন সম্ভবত্যদিতির্দেবতাময়ী ।
গুহাং প্রবিশ্য তিষ্ঠন্তীং যা ভূতেভির্ব্যজায়ত ॥ এতদ্বৈ তৎ ॥ ৭ ॥
ব্যাখ্যা—যে সর্বদেবময়ী অদিতি দেবী সর্বপ্রথম পরব্রহ্মের সংকল্প অনুসারে সমগ্র জগতের প্রাণশক্তির সঙ্গে উৎপন্ন হয়েছেন তথা যিনি সকল প্রাণীর কারণ-বীজকে সঙ্গে করে প্রকট, তিনি সকল জীবের হৃদয়ে প্রবেশ করে সেখানে স্বমহিমায় বিরাজ করতে থাকলেন । দেবী ভগবতী অদিতি ভগবানের অচিন্ত্য মহাশক্তি, স্বয়ং ভগবান থেকে সম্পূর্ণভাবেই অভিন্না, কেননা ভগবান এবং তাঁর শক্তিতে কোনো ভেদ নেই । ভগবানই শক্তিরূপে সকলের হৃদয়ে প্রবেশ করেছেন । হে নচিকেতা ! উনিই পরব্রহ্ম যাঁর সম্বন্ধে তুমি প্রশ্ন করেছ ॥ ৭ ॥
অথবা
জননীরূপে সমস্ত দেবতার সৃজনকারিণী বলে যিনি সর্বদেবময়ী, শব্দাদি সমস্ত ভোগসমূহের অদন—ভক্ষণকারিণী বলে যাঁর নাম ‘অদিতি’, যিনি হিরণ্যগর্ভরূপ প্রাণের সঙ্গে প্রকটিত আর সমস্ত ভূতাদির সঙ্গে যাঁর আবির্ভাব, তথা যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করে নিত্য সেখানে বিরাজ করেন, তিনি পরমেশ্বরের মহাশক্তি এক কথায় তাঁরই প্রতীক, স্বয়ং পরমেশ্বরই ওই শক্তিরূপে নিজেকে প্রকাশ করেছেন । ইনিই সেই ব্রহ্ম যাঁর কথা, হে নচিকেতা ! তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছ ॥ ৭ ॥