পরাচঃ কামাননুযন্তি বালাস্তে মৃত্যোর্যন্তি বিততস্য পাশম্ ।
অথ ধীরা অমৃতত্বং বিদিত্বা ধ্রুবমধ্রুবেষ্বিহ ন প্রার্থয়ন্তে ॥ ২ ॥
ব্যাখ্যা—যারা বাহ্য বস্তুর চমক ও আপাত সৌন্দর্য দেখে তাতে আসক্ত হয়ে সেটি হস্তগত করার চেষ্টায় এবং তারই ভোগে মত্ত হয়ে এই দুর্লভ এবং অমূল্য জীবন নষ্ট করে দেয়, তারা মূর্খ । তারা নিশ্চয়ই জন্মজন্মান্তর ধরে মৃত্যুর কবলে পড়ে থাকে । অনন্তকাল ধরে তারা বিভিন্ন যোনিতে জন্ম নেয়, আর মৃত্যুপ্রাপ্ত হতে থাকে । কিন্তু যারা বুদ্ধিমান তারা এই সর্বনাশা বিষয়ে এরূপ চিন্তা করে যে, ইন্দ্রিয় ভোগ তো অন্যান্য যোনিতেও পর্যাপ্ত পরিমাণে পাওয়া সম্ভব, কিন্তু মানব দেহ অন্যান্য জীবের তুলনায় বহুধা বিলক্ষণ ও বৈশিষ্ট্যপূর্ণ । এই মানব দেহের আসল উদ্দেশ্য বিষয়-ভোগ হতে পারে না, নিশ্চয়ই মানব-শরীরের ভিন্ন উদ্দেশ্য আছে । এইভাবে বিচার করার পর এই কথা তাদের চিন্তার মধ্যে আসে যে, এর আসল উদ্দেশ্য হল অমৃতস্বরূপ নিত্য পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করা, আর তা এই জীবনেই লাভ করা সম্ভব । তখন তারা সর্বতোভাবে সেই দিকেই নিজেদের লক্ষ্য স্থির করে । তারা এই নশ্বর জগতে ক্ষণিকের সুখ-ভোগ লাভ করার ইচ্ছা বিসর্জন দিয়ে এর থেকে সর্বতোভাবে অনাসক্ত হয়ে, দৃঢ়চিত্তে পরমাত্মলাভের সাধনে ব্রতী হয় ।