যস্ত্ববিজ্ঞানবান্ ভবত্যযুক্তেন মনসা সদা ।
তস্যেন্দ্রিয়াণ্যবশ্যানি দুষ্টাশ্বা ইব সারথেঃ ॥ ৫ ॥
ব্যাখ্যা—ঘোড়া রথ চালিত করে, কিন্তু ঘোড়াগুলি কোন দিকে যাবে, কোন রাস্তায় রথটি নিয়ে যেতে হবে তা লাগাম হাতে ধরা বুদ্ধিমান সারথির কাজ । সাধারণত ইন্দ্রিয়রূপী বলবান দুর্ধর্ষ ঘোড়া আপাত রমণীয় বিষয়ে পূর্ণ সংসার-রূপ সবুজ ঘাসের জঙ্গলের দিকে আপন-মনে ছুটে যেতে চায়, কিন্তু যদি বুদ্ধিমান সারথি মনরূপী লাগামকে শক্ত হাতে টেনে ধরে নিজের বশে রাখতে পারে তবে আর মনরূপী ঘোড়াগুলি লাগাম ছাড়া হয়ে ইচ্ছামতো যে কোনো দিকে যেতে পারে না । সকলেই জানে যে ইন্দ্রিয়গণ তখনই বিষয়-ভোগ গ্রহণে সমর্থ হয় যখন মন তাদের সঙ্গে যোগ দেয় । ঘোড়া সেই দিকেই দৌড়ায় যে দিকে লাগামের সংকেত থাকে, আবার এই লাগামকে ঠিক করে ধরে রাখা নির্ভর করে সারথির বল, বুদ্ধির উপর । যদি বুদ্ধিরূপী সারথি বিবেকবান, মালিকের আদেশ পালনকারী, লক্ষ্যে স্থিরচিত্ত, বলবান, পথের জ্ঞানসম্পন্ন এবং ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলিকে চালাতে দক্ষ না হয়, তবে ইন্দ্রিয়রূপী দুষ্ট ঘোড়াগুলি তার বশে না থেকে লাগামছাড়া হয়ে সম্পূর্ণ রথকেই নিজের বশে করে নেয়, আর তার ফলস্বরূপ রথী আর সারথিসহ ওই রথ নিয়ে গভীর খাদে গিয়ে পড়ে । অসাবধানী সারথির দুষ্ট ঘোড়াগুলি যেমন ক্রমাগত উচ্ছৃঙ্খল হতে থাকে, তেমনই বুদ্ধির নিয়ন্ত্রণহীন ওই ইন্দ্রিয়গুলিও ক্রমাগত উচ্ছৃঙ্খল হয়ে দ্রুত পতন-পথে চালিত হয়॥ ৫ ॥
সম্বন্ধ—নিজেকে সতর্ক রেখে বুদ্ধিকে বিবেকবান করলে কী লাভ হয়—যমরাজ এখন তার বর্ণনা করছেন —