নাবিরতো দুশ্চরিতান্নাশান্তো নাসমাহিতঃ ।
নাশান্তমানসো বাঽপি প্রজ্ঞানেনৈনমাপ্নুয়াৎ ॥ ২৪ ॥
ব্যাখ্যা—যে ব্যক্তি কুকর্ম থেকে বিরত নয়, যার মন পরমাত্মাকে ছেড়ে দিন রাত শুধু জাগতিক ভোগের পিছনে ছোটে, পরমাত্মার প্রতি বিশ্বাস না থাকায় যে সর্বদা অশান্ত যার মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলি সুসংযত নয় ; এইরকম মানুষ সূক্ষ্মবুদ্ধি দ্বারা আত্মবিচার করতে থাকলেও পরমাত্মাকে লাভ করতে পারে না । কেননা সে পরমাত্মার অসীম কৃপাকে বিশ্বাস করে না, তাঁকে অবহেলা করে । অতএব সেই ব্যক্তি তাঁর কৃপার পাত্র হয় না॥ ২৪ ॥
সম্বন্ধ—সেই পরব্রহ্ম পরমেশ্বরের তত্ত্ব শুনে এবং বুদ্ধিদ্বারা বিচার করেও মানুষ কেন তাঁকে জানতে পারে না ? যমরাজ এই জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন—