আসীনো দূরং ব্রজতি শয়ানো যাতি সর্বতঃ ।
কস্তং মদামদং দেবং মদন্যো জ্ঞাতুমর্হতি ॥ ২১ ॥
ব্যাখ্যা—পরব্রহ্ম পরমাত্মা অচিন্ত্য শক্তি এবং বিরুদ্ধ ধর্মের আশ্রয় । একই সময়ে তাঁর মধ্যে বিরুদ্ধ ধর্মের লীলা সংগঠিত হয় । এইজন্য তাঁকে একই সঙ্গে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এবং মহৎ থেকেও মহৎ বলা হয়েছে । এখানে বলা যায়, তিনি নিজ নিত্যধামে বিরাজমান থেকেই ভক্তের অধিনতাবশত ভক্তের কাতর আহ্বানে দূর থেকে দূরে চলে যান । পরমধাম নিবাসী তাঁর পার্ষদদের দৃষ্টিতে তিনি সেখানে শয়ান থাকা অবস্থাতেও সর্বত্র চলাফেরা করেন । অথবা সেই পরমেশ্বর সদাসর্বদা সর্বস্থানে অবস্থিত আছেন । তাঁর সর্বব্যাপকতা এমনই যে, একই জায়গায় অবস্থান করছেন তিনি, দূরে চলে যাচ্ছেন তিনি, শয়ানও তিনি এবং সর্বদিকে চলাফেরাও করছেন তিনি । তিনি সর্বত্র সর্বরূপে আপন মহিমায় বিরাজমান । এইরূপ অলৌকিক ঐশ্বর্যসম্পন্ন হওয়া সত্ত্বেও ঐশ্বর্যের জন্য তাঁর এতটুকু অহংকার নেই । সেই পরমেশ্বরকে জানার অধিকারী তাঁর কৃপাপাত্র (আত্মতত্ত্বজ্ঞ যমরাজ সদৃশ অধিকারী) ভিন্ন দ্বিতীয় আর কে আছে ?॥ ২১ ॥
সম্বন্ধ—এখন যমরাজ পরমেশ্বরের মহিমা উপলব্ধিকারী পুরুষের লক্ষণ বর্ণনা করছেন—