জানাম্যহ ্ঁ শেবধিরিত্যনিত্যং ন হ্যধ্রুবৈঃ প্রাপ্যতে হি ধ্রুবং তৎ ।
ততো ময়া নাচিকেতশ্চিতোঽগ্নিরনিত্যৈর্দ্রব্যৈঃ প্রাপ্তবানস্মি নিত্যম্ ॥ ১০॥
ব্যাখ্যা—হে নচিকেতা ! আমি ভালোভাবেই জানি যে কর্মসমূহের ফলস্বরূপ, ইহলোকে বা পরলোকে—যেখানেই যে ভোগসুখ অর্জিত হয়, সে সকল যত বিশালই হোক না কেন, একদিন না একদিন তার ক্ষয় হবেই হবে । অতএব সেগুলি অনিত্য আর অনিত্য বস্তুর দ্বারা নিত্য পদার্থের প্রাপ্তি কোনো দিনই সম্ভব নয় । এই রহস্য উপলব্ধি করার পরই আমি নাচিকেত-অগ্নির চয়নাদিরূপে যে সমস্ত যজ্ঞাদি কর্তব্যকর্ম অনিত্য বস্তুরাজির দ্বারা সম্পাদন করেছি, সমস্তই কামনা এবং আসক্তিহীন হয়ে কেবল কর্তব্য বুদ্ধিতেই করেছি । এই নিষ্কামভাবের এমনই মহত্ত্ব যে অনিত্য বস্তুর দ্বারা কর্তব্য-পালন রূপ ঈশ্বর পূজার দ্বারাই আমি নিত্য সুখস্বরূপ পরমাত্মাকে লাভ করতে সমর্থ হয়েছি॥ ১০ ॥
সম্বন্ধ—নচিকেতার মধ্যে এই নিষ্কাম ভাব পূর্ণভাবেই রয়েছে দেখে যমরাজ তাঁর প্রশংসা করে বলতে লাগলেন—