নৈষা তর্কেণ মতিরাপনেয়া প্রোক্তান্যেনৈব সুজ্ঞানায় প্রেষ্ঠ ।
যাং ত্বমাপঃ সত্যধৃতির্বতাসি ত্বাদৃঙ্ নো ভূয়ান্নচিকেতঃ প্রষ্টা ॥ ৯॥
ব্যাখ্যা—নচিকেতার ভূয়সী প্রশংসা করে যমরাজ আবার বলতে আরম্ভ করলেন—হে প্রিয়বর ! তোমার এই শুভ ইচ্ছা, আর নিষ্কলুষ নিষ্ঠা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট । এরকম নিষ্ঠা কখনো তর্কের দ্বারা পাওয়া যায় না । এ জিনিস তো তখনই উদয় হয় যখন ঈশ্বর-কৃপায় কোনো মহাপুরুষের সঙ্গ লাভ হয়, আর তাঁর কাছ থেকে নিরন্তর পরমার্থ সম্বন্ধে বিশদ আলোচনা শোনার সৌভাগ্য লাভ হয় । এই ধরনের নিষ্ঠাই মানুষকে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় প্রবৃত্ত করে । এত প্রলোভন দেখাবার পরও তুমি আপন নিষ্ঠায় দৃঢ়ব্রত, এতে প্রমাণ হয় যে তুমি যথার্থ ধারণাসম্পন্ন । নচিকেতা ! তোমার মতোই জিজ্ঞাসুর আমার প্রয়োজন॥ ৯ ॥
সম্বন্ধ—এখন যমরাজ নিজের উদাহরণ দিয়ে নিষ্কামভাবের প্রশংসা করছেন—