তিস্রো রাত্রীর্যদবাৎসীর্গৃহে মে অনশ্ন ব্রহ্মন্নতিথির্নমস্যঃ ।
নমস্তেঽস্তু ব্রহ্মন্ স্বস্তি মেঽস্তু তস্মাৎ প্রতি ত্রীন্ বরান্ বৃণীষ্ব ॥ ৯॥
ব্যাখ্যা—হে ব্রাহ্মণ দেবতা ! তুমি আমার প্রণম্য, মাননীয় অতিথি ; আমার উচিত ছিল তোমার যথাযোগ্য সেবা-শুশ্রূষা করে তোমার প্রীতি উৎপাদন করা । কিন্তু তার পরিবর্তে তুমি আমার প্রমাদবশত ক্রমান্বয়ে তিন দিন তিন রাত্রি উপবাসী থেকে আমার জন্যে অপেক্ষা করেছ । এ আমার পক্ষে অত্যন্ত গর্হিত কাজ হয়েছে । তুমি আমার প্রণাম গ্রহণ করো । হে ব্রাহ্মণ ! তুমি আমার সমস্ত অপরাধ মার্জনা করো যাতে আমার কোনোরূপ অকল্যাণ না হয় । এই অপরাধ-ক্ষালনের জন্য আমি তোমাকে প্রত্যেক রাত্রির জন্যে একটি একটি করে তিনটি বর দান করব । তুমি তোমার ইচ্ছা মতো তিনটি বর প্রার্থনা করো ॥ ৯ ॥
সম্বন্ধ—তপস্বী ব্রাহ্মণ বালকের অনশনে ভীত হয়ে ধর্মরাজ যম যখন বর দানের প্রতিশ্রুতি দিলেন তখন প্রথমেই নচিকেতার পিতার কথা মনে পড়লো । পিতাকে সুখী করার ইচ্ছায় নচিকেতা যমরাজকে বললেন—