স বিশ্বকৃদ্ বিশ্ববিদাত্মযোনির্জ্ঞঃ কালকালো গুণী সর্ববিদ্ যঃ ।
প্রধানক্ষেত্রজ্ঞপতির্গুণেশঃ স ্ঁসারমোক্ষস্থিতিবন্ধহেতুঃ ॥ ১৬॥
ব্যাখ্যা—জ্ঞানস্বরূপ পরব্রহ্ম পরমাত্মা সম্পূর্ণ জগতের রচয়িতা, সর্বজ্ঞ এবং নিজ প্রাকট্যের হেতুস্বরূপ । তাঁর প্রাকট্যের অন্য কোনো কারণ নেই । তিনি কালের কাল অর্থাৎ মহাকাল স্বরূপ । কাল তাঁর নিকট পৌঁছায় না । তিনি ত্রিকালাতীত বস্তু । কঠোপনিষদেও বলা হয়েছে সমস্ত কিছুর সংহারকর্তা মৃত্যু ওই মহাকালরূপ পরমাত্মার উপসেচন খাদ্য (কঠ. ১ ।২ ।২৪) । ওই সর্বশক্তিমান পরমেশ্বর সৌহার্দ্য, প্রেম, দয়া আদি সমস্ত কল্যাণময় দিব্য গুণসম্পন্ন । সংসারে যতপ্রকার শুভ গুণ পরিদৃষ্ট হয়, সে সমস্ত প্রভুর দিব্যাতিদিব্য গুণ-ভাণ্ডারের কণিকা মাত্র । পরব্রহ্ম সকল জীবনিচয়কে, তাদের কর্ম এবং অনন্ত ব্রহ্মাণ্ডের অন্তর্গত ত্রিকালান্তর্গত ছোট বড় সমস্ত ঘটনাদি উত্তমরূপে অবগত । তিনি প্রকৃতি এবং জীব সমুদয়ের (পরা-অপরা—উভয় প্রকৃতির) স্বামী তথা কার্য-কারণরূপে স্থিত সত্ত্বাদি গুণত্রয়ের যথাযোগ্য নিয়ন্ত্রণকর্তা । তিনিই এই জন্ম-মৃত্যুরূপ সংসার-চক্রে প্রাণিকুলকে তাদের কর্মানুসারে বেঁধে রাখেন, তাঁদের পালন-পোষণ করেন এবং এতাদৃশ বন্ধন থেকে মুক্তও করেন । তাঁর কৃপায় জীব মুক্তিপথের সাধন অবলম্বনপূর্বক সাধনার মাধ্যমে মুক্তি লাভ করে॥ ১৬ ॥