ন তস্য কশ্চিৎ পতিরস্তি লোকে ন চেশিতা নৈব চ তস্য লিঙ্গম্ ।
স কারণং করণাধিপাধিপো ন চাস্য কশ্চিজ্জনিতা ন চাধিপঃ ॥ ৯ ॥
ব্যাখ্যা—অখিল বিশ্বব্রহ্মাণ্ডে পরব্রহ্ম পরমাত্মার স্বামী কেউ নেই । তিনি সর্বান্তর্যামী, সকলের স্বামী । সকলে তাঁর দাস, সেবক । তিনি পরম প্রশাসক । তাঁর উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা কারুরই নেই । তাঁরই শাসনে সকলে চলে । সকলে তাঁর আজ্ঞাবহ । তাঁর নিয়ন্ত্রণে সব নিয়ন্ত্রিত । পরমেশ্বরের কোনো বিশেষ চিহ্ন নেই । তিনি সর্বব্যাপক, বিভু, নিরাকার, পরিপূর্ণ, অখিল বিশ্বের একমাত্র কারণ, এমনকি কারণেরও কারণ এবং সকলঅন্তঃকরণ ও ইন্দ্রিয়গণের অধিষ্ঠাতা দেবতাগণেরও অধিপতি, সুশাসক । তাঁকে কোনো চিহ্ন দ্বারা বোঝা যায় না । ওই পরব্রহ্ম পরমাত্মার কোনো জনক অর্থাৎ জন্মদাতা পিতা অথবা কোনো অধিপতি নেই । পরব্রহ্ম পরমাত্মা সর্বতন্ত্রস্বতন্ত্র, ষ়ড্ভাববিকাররহিত, সনাতন এবং সর্বশক্তিমান॥ ৯ ॥