স বৃক্ষকালাকৃতিভিঃ পরোঽন্যো যস্মাৎ প্রপঞ্চঃ পরিবর্ততেঽয়ম্ ।
ধর্মাবহং পাপনুদং ভগেশং জ্ঞাত্বাঽঽত্মস্থমমৃতং বিশ্বধাম ॥ ৬॥
ব্যাখ্যা—যাঁর অচিন্ত্যশক্তির প্রভাবে এই প্রপঞ্চরূপ সংসার নিরন্তর গতিশীল সেই পরমাত্মা এই সংসারবৃক্ষ, তিনি কাল এবং প্রকৃতি আদি থেকে অতীত এবং ভিন্ন অর্থাৎ তিনি সকল সাংসারিক সম্বন্ধশূন্য । কালকেও তিনি গ্রাস করেন, তিনি মহাকাল এবং সর্ববিধ আকারহিত । তথাপি তিনি ধর্মবর্ধক, পাপনাশক, অখিল ঐশ্বর্যের অধিপতি এবং সমস্ত জগদাধারস্বরূপ । এই নিখিল চরাচর তাঁর আশ্রিত । অন্তর্যামী হয়ে তিনি সকল জীবের হৃদয়কন্দরে নিত্য বিরাজমান । এইভাবে তাঁকে জেনে জ্ঞানী, মহাপুরুষ, সাধক পরমাত্মাকে লাভ করেন॥ ৬ ॥
সম্বন্ধ—প্রথম অধ্যায়ে যাঁর বর্ণনা করা হয়েছে, ধ্যানের মাধ্যমে তাঁকে প্রত্যক্ষকারী সেই মহাত্মা বলছেন—