আদিঃ স সংযোগনিমিত্তহেতুঃ পরস্ত্রিকালাদকলোঽপি দৃষ্টঃ ।
তং বিশ্বরূপং ভবভূতমীড্যং দেবং স্বচিত্তস্থমুপাস্য পূর্বম্ ॥ ৫॥
ব্যাখ্যা—সমগ্র সংসারের আদি কারণ সর্বশক্তিমান পরমেশ্বর ত্রিকালাতীত । তাঁর মধ্যে কোনো কালিক ভেদ নেই । ভূতকাল বা ভবিষ্যৎকালও তাঁর নিকট বর্তমানবৎ । তিনি (প্রশ্নোপনিষদে উক্ত) ষোড়শ কলারহিত হওয়া সত্ত্বেও অর্থাৎ সাংসারিক সম্বন্ধশূন্য হয়েও প্রকৃতির সাথে জীবের সংযোগ করানোর জন্য কারণেরও কারণ । একথা জ্ঞানী মহাপুরুষগণ অবহিত হয়েছেন । পরমেশ্বরই একমাত্র সত্য বস্তু ও স্তুতিযোগ্য । তাঁর অনুসন্ধানহেতু দূরে গমন অনাবশ্যক । তিনি আমাদের হৃদ্দেশেই বিরাজ করছেন । একথায় সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে সর্বরূপময় তথা জগৎরূপে প্রকটিত সর্বাধার, সর্বশক্তিমান, পুরাণপুরুষ পরমেশ্বরের উপাসনা করে তাঁকে লাভ করা উচিত॥ ৫ ॥
সম্বন্ধ—এবারে জ্ঞানযোগরূপ তৃতীয় সাধন বলছেন—