যেনাবৃতং নিত্যমিদং হি সর্বং জ্ঞন্ কালকালো গুণী সর্ববিদ্যঃ ।
তেনেশিতং কর্ম বিবর্ততে হ পৃথ্ব্যপ্তেজোঽনিলখানি চিন্ত্যম্ ॥ ২ ॥
ব্যাখ্যা—যে জগৎ-নিয়ন্তা জগদাধার পরমেশ্বর দ্বারা এই সম্পূর্ণ জগৎ সদা সর্বাবস্থায় পরিব্যাপ্ত, যিনি কালেরও কাল অর্থাৎ মহাকালস্বরূপ অর্থাৎ যিনি কালাতীত বস্তু, যিনি জ্ঞানস্বরূপ চিন্ময় পরমাত্মা, সকল দিব্যগুণান্বিত, যিনি অখিল ব্রহ্মাণ্ডকে উত্তমরূপে অবগত, তাঁর দ্বারাই এই সংসারচক্র প্রকৃত নিয়মে চলছে । তিনিই পৃথ্বী, জল, তেজ, বায়ু এবং আকাশ—এই পঞ্চমহাভূতের শাসন করেন । সকলকে নিজ নিজ কার্য সম্পাদনের শক্তি দান করে কার্যে নিয়োজিত রাখেন । তাঁর শক্তি ব্যতীত কারো কিছু করার ক্ষমতা থাকে না । একথা কেনোপনিষদে তৃতীয় খণ্ডে যক্ষের আখ্যানে উত্তমরূপে বলা হয়েছে । এই রহস্য পরিজ্ঞাত হয়ে সর্বশক্তিমান পরমেশ্বরের চিন্তন করা মানুষের অবশ্য কর্তব্য॥ ২ ॥