স্বভাবমেকে কবয়ো বদন্তি কালং তথান্যে পরিমুহ্যমানাঃ ।
দেবস্যৈষ মহিমা তু লোকে যেনেদং ভ্রাম্যতে ব্রহ্মচক্রম্ ॥ ১ ॥
ব্যাখ্যা—অনেক বুদ্ধিমান ব্যক্তি বলেন যে এই জগতের কারণ হল স্বভাব অর্থাৎ পদার্থে যে স্বাভাবিক শক্তি বিদ্যমান যথা—অগ্নিতে প্রকাশন শক্তি, দাহিকা শক্তি—সেটিই হল এই জগতের কারণ । কতিপয় অন্য কেউ লোক বলেন কালই হল একমাত্র জগতের কারণ কেননা বস্তুগত শক্তির প্রকাশ সময়ানুসারেই হয় । যেমন বৃক্ষে ফলাদি উৎপন্ন করার শক্তি যথা কালেই হয় । অনুরূপ স্ত্রীতে গর্ভাধান ঋতুকালেই হয়, অসময়ে হয় না । কিন্তু যাঁরা নিজেদের বিজ্ঞ মনে করেন প্রকৃত অর্থে তাঁরা মোহগ্রস্ত তাঁরা বাস্তবিক কারণ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ । জাগতিক রচনা নিরীক্ষণ করলে বা তদুপরি বিচার করলে পরমেশ্বরের মহিমা প্রকৃতরূপে উদ্ঘাটিত হয় । তিনি স্বভাব এবং কালাদি সমস্ত কারণের অধিপতি । তাঁর দ্বারাই সংসারচক্র চালিত হয় । এই রহস্য জ্ঞাত হয়ে এই চক্র থেকে মুক্তিহেতু তাঁর শরণাপন্ন হওয়া একান্তই প্রয়োজন । সংসারচক্রের ব্যাখ্যা ১ ।৪-এ করা হয়েছে॥ ১ ॥