বালাগ্রশতভাগস্য শতধা কল্পিতস্য চ ।
ভাগো জীবঃ স বিজ্ঞেয়ঃ স চানন্ত্যায় কল্পতে ॥ ৯ ॥
ব্যাখ্যা—পূর্বোক্ত মন্ত্রে জীবাত্মার স্বরূপ সূচীর অগ্রভাগের ন্যায় সূক্ষ্ম বলা হয়েছে । তা বুঝতে ভ্রম হতে পারে এইজন্য উত্তমরূপে বোঝার জন্য পুনরায় এইরূপ বলছেন—‘যদি চুলের অগ্রভাগকে শতভাগ করা হয় এবং ওই শতভাগের একভাগকে পুনরায় শতভাগ করা হয়, তাহলে তার একখণ্ড যেরূপ সূক্ষ্মতা অর্জন করে অর্থাৎ চুলের ডগার দশ সহস্র ভাগ করলে তার এক ভাগ যেরূপ সূক্ষ্ম হয়, তার সমান জীবাত্মার স্বরূপ বুঝতে হবে ।’ একথা কেবল জীবাত্মার সূক্ষ্মতা বোঝাবার জন্য বলা হয়েছে । বস্তুত চেতন এবং সূক্ষ্ম বস্তুর স্বরূপ জড় এবং স্থূল বস্তুর উপমার মাধ্যমে বোঝানো সম্ভব নয় । কারণ চুলের অগ্রভাগের দশ সহস্র ভাগের এক ভাগ আকাশে যেটুকু দেশে অবস্থান করে জীবাত্মা তাও করে না । চেতন এবং সূক্ষ্ম বস্তুর জড় এবং স্থূলের সাথে সম্বন্ধ সম্ভব নয় । ওই বস্তু সূক্ষ্ম হলেও স্থূল বস্তুতে সর্বত্র ব্যাপ্ত হতে পারে । এই ভাব বোঝাবার জন্য পরিশেষে বলা হয়েছে যে, তা অত্যন্ত সূক্ষ্ম হওয়া সত্ত্বেও অনন্ত ভাবযুক্ত হতে অর্থাৎ অসীম হওয়াতে সমর্থ । অর্থাৎ তিনি জড় জগতে সর্বত্র ব্যাপ্ত । বুদ্ধির গুণরূপ সংকল্প দ্বারা এবং নিজের গুণরূপ অহংকার দ্বারা যুক্ত হওয়ার ফলে সে একদেশীয়রূপে প্রতীতি হয়॥ ৯ ॥