যদাঽতমস্তন্ন দিবা ন রাত্রির্ন সন্ন চাসঞ্ছিব এব কেবলঃ ।
তদক্ষরং তৎসবিতুর্বরেণ্যং প্রজ্ঞা চ তস্মাৎ প্রসৃতা পুরাণী ॥১৮॥
ব্যাখ্যা—যখন অজ্ঞানান্ধকার চিরতরে নষ্ট হয়ে যায়, তখন প্রত্যক্ষ তত্ত্বকে দিন বা রাত্রি কিছুই বলা যায় না । অর্থাৎ ওই তত্ত্বকে দিনের মতো প্রকাশময় অথবা রাত্রির ন্যায় অন্ধকারময় বলা সম্ভব নয় । তার কারণ হল, তিনি ওই দুটি থেকে অনুপম বস্তু । সেখানে জ্ঞানের বা অজ্ঞানের কোনো ভেদ নেই । তিনি না সৎ তথা না অসৎ এবং উভয় থেকে অনুপম । একমাত্র কল্যাণস্বরূপ শিবই হলেন সেই তত্ত্ব । তিনি সর্বতোভাবে অবিনাশী । সূর্যাদি সকল দেবতাগণেরও তিনি উপাস্য । তাঁর থেকেই অনাদি জ্ঞান চলে আসছে তথা বিস্তারিত হয়েছে । অর্থাৎ পরমাত্মাকে জানার এবং লাভ করার সাধন অধিকারিগণ পরম্পরা থেকে লাভ করে আসছেন॥ ১৮ ॥