এষ দেবো বিশ্বকর্মা মহাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ ।
হৃদা মনীষা মনসাভিক্লৃপ্তো য এতদ্ বিদুরমৃতাস্তে ভবন্তি ॥ ১৭॥
ব্যাখ্যা—এই নিখিল চরাচরের সৃষ্টিকর্তা মহাত্মা অর্থাৎ সর্বশক্তিমান সর্বব্যাপী পরমদেব পরমেশ্বর সর্বদা মানব হৃদয়ে বিরাজমান । তাঁর গুণাবলী শ্রবণে দ্রবীভূত হলে এবং বিশুদ্ধ নির্মল হৃদয় দ্বারা, স্থির বুদ্ধি দ্বারা তথা একাগ্র চিত্তে নিরন্তর ধ্যান দ্বারা তিনি প্রত্যক্ষ হন । যে সাধক এই রহস্য অবগত, তিনি তাঁকে লাভ করে অমৃতস্বরূপ হয়ে যান । তিনি চিরতরে জন্ম-মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ করেন॥ ১৭ ॥