স এব কালে ভুবনস্য গোপ্তা বিশ্বাধিপঃ সর্বভূতেষু গূঢ়ঃ ।
যস্মিন্ যুক্তা ব্রহ্মর্ষয়ো দেবতাশ্চ তমেবং জ্ঞাত্বা মৃত্যুপাশাংশ্ছিনত্তি ॥ ১৫॥
ব্যাখ্যা—যাঁর বারবার বর্ণনা করা হয়েছে, সেই পরমদেব পরমেশ্বর সময়ানুসারে সমস্ত সংসারের সংরক্ষক । সম্পূর্ণ সংসারের অধিপতিও তিনি । সমস্ত প্রাণীর হৃদয়গহ্বরে তিনি প্রচ্ছন্নভাবে অবস্থান করছেন । সমস্ত বেদরহস্যজ্ঞ ঋষিগণ এবং সকল দেবতা ধ্যানমাধ্যমে তাঁতেই চিন্তামগ্ন থাকেন । তাঁরই স্মরণে, চিন্তনে, মননে ঋষিগণ কালাতিপাত করেন । এইভাবে পরমেশ্বরকে জেনে মানব সমস্ত জন্ম-মৃত্যুর বন্ধন ছিন্ন করে । পুনরায় কখনো প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয় না, চিরতরে মুক্তি লাভ করে॥ ১৫ ॥