সূক্ষ্মাতিসূক্ষ্মং কলিলস্য মধ্যে বিশ্বস্য স্রষ্টারমনেকরূপম্ ।
বিশ্বস্যৈকং পরিবেষ্টিতারং জ্ঞাত্বা শিবং শান্তিমত্যন্তমেতি॥ ১৪ ॥(১)
(১)এই মন্ত্র এই উপনিষদে ৫ ।১৩তেও উল্লিখিত রয়েছে । এখানে সামান্য পার্থক্য দৃষ্ট হয় ।
ব্যাখ্যা—যে পরব্রহ্ম পরমাত্মা সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম—অর্থাৎ যাঁকে তাঁর কৃপা ব্যতীত জানা যায় না, যিনি নিখিল জীবকুলের হৃদয়রূপ গুহায় বিরাজমান, যাঁর অবস্থান সর্বাধিক নিকটে যিনি অখিল বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, স্বয়ং যিনি বিশ্বরূপ হয়ে নানা রূপ ধারণ করেন, আবার নিরাকার হয়েও যিনি ব্ৰহ্মাণ্ডকে আবৃত করে রয়েছেন, সেই সর্বোপরি অদ্বিতীয় একমাত্র কল্যাণস্বরূপ মহান ঈশ্বরকে অবগত হয়ে মানুষ অসীম, অবিনাশী এবং অতিশয় প্রশান্তি লাভ করেন ; কেননা সেই মহাপুরুষ এই অশান্ত জাগতিক প্রপঞ্চ থেকে দূরে থাকেন॥ ১৪॥