ছন্দাংসি যজ্ঞাঃ ক্রতবো ব্রতানি ভূতং ভব্যং যচ্চ বেদা বদন্তি ।
অস্মান্মায়ী সৃজতে বিশ্বমেতৎ তস্মিংশ্চান্যো মায়য়া সন্নিরুদ্ধঃ ॥৯॥
ব্যাখ্যা—বেদ মন্ত্ররূপ ছন্দ, যজ্ঞ, ক্রতু অর্থাৎ জ্যোতিষ্টোম প্রভৃতি বিশেষ যজ্ঞ, নানাপ্রকার ব্রত অর্থাৎ শুভকর্ম, সদাচার ও নিয়ম এবং অন্যান্য যে সমস্ত অতীতের, ভবিষ্যতের এবং বর্তমান কালের পদার্থ বিদ্যমান, যেগুলির বর্ণনা বেদে উপলব্ধ—সেই সমস্তকে প্রকৃতির অধিষ্ঠাতা পরমেশ্বর নিজ অংশভূত পূর্বোক্ত পঞ্চভূত আদি তত্ত্বসমুদয় মাধ্যমে রচনা করেন । এই রচিত জগতে অন্য অর্থাৎ জ্ঞানী মহাপুরুষ ভিন্ন জীবসমুদয় মায়া দ্বারা আবদ্ধ হয় । যতদিন পর্যন্ত পরমদেব পরমেশ্বরের সাক্ষাৎকার না হয় ততদিন পর্যন্ত জীবকে মায়াবদ্ধই থাকতে হয় । মায়া থেকে তার মুক্তি সম্ভব হয় না । অতএব মানুষের পক্ষে পরমাত্মাকে জানার এবং তৎপ্রাপ্তিহেতু উৎকণ্ঠা, সুদৃঢ় আকাঙ্ক্ষা জাগ্রত করা একান্ত প্রয়োজন॥ ৯ ॥