সমানে বৃক্ষে পুরুষো নিমগ্নোঽনীশয়া শোচতি মুহ্যমানঃ ।
জুষ্টং যদা পশ্যত্যন্যমীশমস্য মহিমানমিতি বীতশোকঃ ॥ ৭ ॥
ব্যাখ্যা—পূর্বোক্ত শরীররূপ একই বৃক্ষে হৃদয়রূপ গুহায় পরমাত্মার সাথে অবস্থানকারী এই জীবাত্মা পরম সুহৃদ পরমেশ্বরের দিকে দৃষ্টিপাত করে না । জীবাত্মা শরীরেই আসক্ত হয়ে মোহে নিমজ্জিত থাকে । যতক্ষণ শরীরের প্রতি আসক্তি এবং মোহ থাকে ততক্ষণ জীবাত্মাকে দুঃখ ভোগ করতে হয় । কিন্তু যখন শ্রীভগবানের অহৈতুকী কৃপা হয় তখন জীবাত্মা নিজ থেকে ভিন্ন, একসঙ্গে অবস্থানকারী, পরম সুহৃদ, পরমপ্রিয় প্রভুকে চিনতে পারে । ভক্তজন দ্বারা যিনি নিরন্তর সেবিত সেই পরমেশ্বরকে তথা তাঁর আশ্চর্য মহিমাকে—যা সংসারে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশমান, জীবাত্মা যখন অবলোকন করে তখন সে চিরতরে শোকশূন্য হয় । মুণ্ডক ৩ ।১ ।২-এর মন্ত্রের সাথে এই মন্ত্রের সাদৃশ্য বিদ্যমান॥ ৭ ॥