যস্মাৎ পরং নাপরমস্তি কিঞ্চিদ্ যস্মান্নাণীয়ো ন জ্যায়োঽস্তি কশ্চিৎ ।
বৃক্ষ ইব স্তব্ধো দিবি তিষ্ঠত্যেকস্তেনেদং পূর্ণং পুরুষেণ সর্বম্ ॥ ৯ ॥
ব্যাখ্যা—পরমদেব পরমেশ্বর অপেক্ষা শ্রেষ্ঠ অন্য কিছু নেই । তিনি সর্বশ্রেষ্ঠ । যত সূক্ষ্মতত্ত্ব আছে তদপেক্ষা অধিক সূক্ষ্ম একমাত্র তিনিই । এইজন্য তিনি জগতের ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণীর শরীরেও বিরাজমান । অনুরূপ এই সংসারে যত মহান ব্যাপক কিছু থাকুক না কেন পরব্রহ্ম অপেক্ষা বৃহৎ কিছু নেই । তিনি সর্বব্যাপক, পরমতত্ত্ব । তদপেক্ষা ব্যাপক কিছু নেই । এইজন্য তিনিই প্রলয়কালে স্থাবর-অস্থাবর সমস্ত কিছু নিজের মধ্যে অন্তর্ভুক্ত করেন । যিনি একা বৃক্ষের ন্যায় নিশ্চলভাবে পরমধামরূপ প্রকাশময় দিব্যাকাশে অবস্থিত, সেই পরব্রহ্ম পরমাত্মা থেকেই এই জগৎ ব্যাপ্ত । সম্পূর্ণ জগতে নিরাকাররূপে পরমপুরুষ পরমেশ্বর পরিপূর্ণ॥ ৯ ॥